পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর আগে শুক্রবার বিকেলে হ্রদের পানি সেতুর পাটাতন ছুঁয়ে যায়। পরে পানির উচ্চতা আরও বাড়ায় সেতুর ওপর কয়েক ইঞ্চি পানি জমে যায়।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকদের জন্য সেতু খুলে দেওয়া হবে।
কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় রাঙামাটির জনপ্রিয় এই পর্যটন স্পটে আপাতত নেমে এসেছে নীরবতা। পর্যটকদের নিরাপত্তায় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।