কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী আইন বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী–সংশ্লিষ্ট নতুন নীতি, আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহায়ক মো. ইকবাল হোসেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। তিনি বলেন, বন ও বন্য প্রাণী–সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সম্যক ধারণা থাকলে দায়িত্ব পালনে কারও সহযোগিতার প্রয়োজন হয় না। ২০২৬ সালে প্রণীত নতুন আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অবগত থাকা এবং তা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। বনসম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। তিনি বনকর্মীদের উদ্দেশে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং আইন লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।