মায়ের দুধেই শিশুর সুস্থ বেড়ে ওঠা, কাপ্তাইয়ে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠায় মায়ের দুধের বিকল্প নেই। একই সঙ্গে মায়ের পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা।
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। তিনি বলেন, শিশুর বেড়ে ওঠায় মায়ের দুধের বিকল্প নেই। পাশাপাশি মায়েদের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ক্লিনটন দে ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, এনজিওকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিৎমরম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।