কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, পাহাড়ে পর্যটকদের জন্য বসছে সতর্কবার্তার সাইনবোর্ড
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড়ে ওঠা পর্যটকদের নিরাপত্তায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সীতার পাহাড়ে চার পর্যটক আটকা পড়ার ঘটনা সভায় আলোচনায় আসে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে মাদকের কিছু সমস্যা রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন জানান, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাউকে না জানিয়ে সীতার পাহাড়ে ওঠেন। পরে সেখানে আটকা পড়লে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে। পাহাড়ে বন্য হাতির বিচরণ থাকায় পর্যটকদের জন্য ঝুঁকির বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
পরে সীতার পাহাড় এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন ইউএনও। নৌকা ও সাম্পানচালকদেরও পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত হয়।
সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।