কাপ্তাইয়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২৮ জন
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম বাকছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন। সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরের এ এলাকায় আয়োজিত ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ ১২৮ জন স্থানীয় বাসিন্দাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পটি পরিচালিত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।