কাপ্তাই লেকে অভিযান, ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল ও ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা নৌকা ও জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।