কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষ, আহত ৯
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে ওটিজি/সিটিজি ফোরামের তারেক, মুনতাকিম, মেহেরাব হোসেন, আদিত্য, জাহিদ ও হাসান এবং কক্সবাজার ফোরামের তৌসিফ, আবিদ ও ইমরান রয়েছেন।
খবর পেয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পিপিএমের নির্দেশনায় উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। পরে আহতদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কারণ ও প্রকৃত পরিস্থিতি জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, প্রাথমিকভাবে আঞ্চলিক ফোরামভিত্তিক বিরোধ, পারস্পরিক ভুল বোঝাবুঝি ও উত্তেজনাকর পরিস্থিতি থেকেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।