উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।
উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় থাকেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসেন যা পুরো এলাকায় এক ধরনের উৎসবের আবহাওয়া তৈরি করে। কেন্দ্র ঘুরে দেখা যায়, তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীন ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। কেউ কেউ সকাল সকাল ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন।

সহকারি রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি জানান, আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সার্বিক পরিস্থিতির শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।