কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রেখে আনসার সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ টায় কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোঃ রুহুল আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন। তিনি জানান, আসন্ন নির্বাচনে কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে মোট ২৮৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১৯৮ জন পুরুষ ও ৮৮ জন নারী আনসার সদস্য রয়েছেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় সমাবেশে।