কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। এতে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের মাধ্যমে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বনসম্পদ সংরক্ষণে তাদের আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।