বান্দরবানে জেলা পুলিশের মাসিক সভায় আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মার্চ/২০২৬ মাসের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার ৭টি থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করতে থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া বান্দরবান পার্বত্য জেলার পর্যটন খাত বিবেচনায় রেখে দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনাও প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।