তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক:
কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান রশীদকে উৎসাহ দিতে নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। এ সময় তিনি তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিতরা ঘটনাটিকে তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করেন। তারা মনে করেন, এমন উদ্যোগ দেশের প্রযুক্তি নির্ভর অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
শিক্ষার্থী রিজয়ান রশীদের এ উদ্ভাবন স্থানীয় পর্যায়ে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি চর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।