🟥 রাঙামাটি হাসপাতালে ১০ কেজি টিউমার অপসারণ


৭০ বছর বয়সী রোগীর সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেনারেল হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারে ৭০ বছর বয়সী এক নারীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও দুশ্চিন্তা কাটিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ৬ নং বালুখালী থেকে ১৩ মে ২০২৬ তারিখে টিউমার সমস্যায় আক্রান্ত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন চন্দ্ররেখা চাকমা (৭০)। দীর্ঘদিন ধরে টিউমার সমস্যায় ভোগার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। পরিবারের সদস্যরাও তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

পরবর্তীতে লোকমুখে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাসেবার বিষয়ে জেনে তিনি ও তার পরিবার সেখানে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সোমবার (১৮ মে) দীর্ঘ ও সময়সাপেক্ষ এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর শরীর থেকে সফলভাবে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।

অস্ত্রোপচারটি সম্পন্ন করেন সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আবদুল্লাহ আল মামুন এবং ডা. সাগর নন্দীসহ একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় বর্তমানে রোগী চন্দ্ররেখা চাকমা সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।

এ সফল অস্ত্রোপচারের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান পুরো চিকিৎসক দলকে ধন্যবাদ জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পার্বত্য অঞ্চলের রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply