বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কাপ্তাই শাখা (বি-১৮৮৬)।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতার বিরুদ্ধে নেওয়া বদলি ও মামলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন বলেন, বিদ্যুৎ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তিনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মুরশেদ আলম, কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ও যুববিষয়ক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীরা দ্রুত বদলি আদেশ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।