১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, স্বস্তিতে কর্ণফুলী অববাহিকা
নিজস্ব প্রতিবেদক
টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর অবশেষে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ একযোগে সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চার দিনের বেশি সময় ধরে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে লেকের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাত ১১টায় লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট (এমএসএল)। একই সময়ে কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে প্রায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলছিল।
গত ১৮ জুলাই সকাল ১১টা ২০ মিনিটে লেকের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট (এমএসএল)-এ পৌঁছে গেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানি নিরাপদ পর্যায়ে নেমে আসায় বুধবার রাতেই সব জলকপাট আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।