রাইখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাঙ্গালহালিয়া থেকে আসা সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।