কাপ্তাইয়ের পাগলীপাড়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাগলীপাড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (৩ অক্টোবর) তিনি ক্যাম্পটি পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ক্যাম্পের পুলিশ সদস্যদের থাকার ব্যারাক ঘুরে দেখেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পেশাগত দায়িত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন ও পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় পাগলীপাড়া ক্যাম্পের ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থানও ঘুরে দেখেন তিনি। প্রস্তাবিত জায়গার অবস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, ডিবির ওসি এইচ. এম. মাহমুদ এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।