কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার দখল, ৫ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই লেক থেকে ভেসে আসা কচুরিপানার স্তূপে রাঙামাটির কাপ্তাই জেটিঘাটসংলগ্ন প্রায় এক কিলোমিটার নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে বলে জানিয়েছেন বোটচালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই অভ্যন্তরীণ নৌঘাট, বিএফডিসি প্লাটুন ঘাটসহ আশপাশের এলাকায় ঘন হয়ে কচুরিপানা জমে আছে। ফলে ইঞ্জিনচালিত বোট ও মাছবাহী নৌযান ঘাটে ভিড়তে এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে বোটের প্রপেলার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে মেরামত ব্যয়।
বোটচালকেরা জানান, উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসা কচুরিপানা নিয়মিত ঘাট এলাকায় জমছে। পরিষ্কার করার পরও অল্প সময়ের মধ্যে আবারও স্তূপ তৈরি হচ্ছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা জানান, বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ও নানিয়ারচরসহ উজানের বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা ভেসে এসে জেটিঘাটে আটকে যায়। এতে মাছবাহী বোটের চলাচল ও মাছ ওঠানামায়ও ভোগান্তি হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, প্রতিবছর কচুরিপানা অপসারণ করা হয়। তবে উজান থেকে নতুন করে ভেসে আসায় স্থায়ীভাবে সমস্যার সমাধান করা কঠিন হচ্ছে।
স্থানীয়দের দাবি, নৌযান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কচুরিপানা অপসারণের পাশাপাশি দীর্ঘমেয়াদি আধুনিক ব্যবস্থা নেওয়া জরুরি।