সারের চালান, কাগজপত্র নেই—কাপ্তাইয়ে বিজিবির হাতে ট্রাক
৩৬ বস্তায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া, কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে
নিজম্ব প্রতিবেদক
কাগজপত্র নেই, তবু চলছিল ইউরিয়া সারের চালান। শেষ পর্যন্ত বিজিবির তল্লাশিতে ধরা পড়ল ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক। রাঙামাটির কাপ্তাইয়ে ঢংছড়ি বিজিবি চেকপোস্টে শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে যানবাহন তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ট্রাকে থাকা ৩৬ বস্তা ইউরিয়া সারের মোট পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সারগুলো অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
আটক সার ও ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এরই অংশ হিসেবে দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।