গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
তবলা গুরু ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরুবন্দনা’। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে গুরুর প্রতি শিষ্যদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হবে সংগীত, তবলা, নৃত্য ও অর্কেস্ট্রার মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (অর্থ) ও চট্টগ্রামের সাবেক জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন, সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং বর্তমান জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত।
অনুষ্ঠানে মোহন বীণা পরিবেশন করবেন বিখ্যাত গীটার শিল্পী দোলন কানুনগো। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন সংগীতগুরু রাজেশ সাহা, ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। থাকবে তবলার লহড়া, মোহনবীণার সুর, সমবেত সংগীত, ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য এবং দলীয় অর্কেস্ট্রা।
নৃত্য পরিচালনা করবেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী। সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির সমবেত নৃত্য পরিবেশনায় নির্দেশনা দেবেন হিল্লোল দাশ সুমন। সমবেত সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ।
আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে তবলা ও শাস্ত্রীয় সংগীতের চর্চায় শিক্ষার্থীদের গড়ে তুলেছেন সুদেব কুমার দাশ। তাঁর প্রতি শিষ্যদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবেই এ ‘গুরুবন্দনা’র আয়োজন।