সড়কে হাতির পাল, সাড়ে ৩ ঘণ্টা থমকে কাপ্তাই–রাঙামাটি পথ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই–আসামবস্তী সড়কে বন্যহাতির পাল অবস্থান নেওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আগরবাগান এলাকায় হাতির পালটি সড়কে উঠে আসে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন অংশে হাতির অবস্থান থাকায় চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে যান। আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতির পালকে সড়ক থেকে বনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে পালটি সরে গেলেও পরে কাপ্তাই প্রবেশপথের দিকে আবার একটি হাতি সড়কে অবস্থান নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন। নিরাপত্তার স্বার্থে বন বিভাগ ওই সড়কে যান চলাচল বন্ধ রাখে।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, সন্ধ্যার পর এ সড়কে বন্যহাতির চলাচল বেড়ে যায়। তাই এ সময়ে চলাচলে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই–রাঙামাটি সড়কে হাতির চলাচলের ঝুঁকি থাকে। হাতি দেখলে সামনে না এগিয়ে নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি হাতিকে কোনোভাবেই উত্ত্যক্ত না করতে তিনি সবাইকে সতর্ক করেছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার পর এ সড়কে চলাচলের সময় চালক ও যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply