মনসা পূজার আগে রাইখালী হাটে পাহাড়ি ছাগলের কদর
দূরদূরান্ত থেকে ক্রেতার ভিড়, জমজমাট কেনাবেচা
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট মনসা পূজা। পূজাকে ঘিরে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ হাটে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকেই রাইখালী বাজারের ছাগলের হাটে ছিল ক্রেতা-বিক্রেতার ভিড়। কেউ পছন্দের ছাগল ঘুরিয়ে-ফিরিয়ে দেখছেন, কেউ ব্যস্ত দরদামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কেনাবেচার ব্যস্ততাও।
হাটে দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পাহাড়ি ছাগল।
রাঙ্গুনিয়ার কদমতলী গ্রামের মৃদুল শীল, মেঘনাথ বণিক ও পিযুষ মল্লিক বলেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগল সহজে পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় অনেক সময় দামও তুলনামূলক কম থাকে। তবে কিছু ছাগলের দাম বেশি বলেও জানান তাঁরা।
ছাগল বিক্রেতা নুরুল আলম, মো. নজরুল ইসলাম, রহমত উল্লাহ, মংচাপ্রু মারমা, আব্দুল মতিন ও মো. আলমগীর বলেন, পাহাড়ি ছাগলের চাহিদা বেশি হলেও অনেক সময় সে অনুযায়ী দাম পাওয়া যায় না। ফলে প্রত্যাশিত লাভ হচ্ছে না।
হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, “মনসা পূজাকে কেন্দ্র করে হাট বেশ জমজমাট। পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তুলনামূলকভাবে দাম সহনীয় থাকায় দূরদূরান্ত থেকেও ক্রেতারা আসছেন।”