কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার
৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এ সময় একজন পর্যটক সামান্য আহত হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা চার বন্ধু বিকেল তিনটার দিকে প্রায় ১ হাজার ৮৪০ ফুট উঁচু সীতাপাহাড়ে ওঠেন। বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে পড়লে ফেরার সময় তাঁরা পথ হারিয়ে আটকা পড়েন। পরে ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে টিম লিডার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে সাত সদস্যের উদ্ধারকারী দল পাহাড়ে গিয়ে চার পর্যটককে নিরাপদে নিচে নামিয়ে আনে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চার পর্যটককে নিরাপদে নিচে নিয়ে আসি।”
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, “বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল। সন্ধ্যা নেমে এলে পথ হারানোর ঝুঁকি বাড়ে। দুর্গম এলাকায় স্থানীয় গাইড ছাড়া যাতায়াত না করাই নিরাপদ।”
রাম পাহাড় বিটের ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার বলেন, “সীতাপাহাড় বন্য হাতির চলাচলের করিডোর। সেখানে ৪০ থেকে ৫০টি হাতি রয়েছে। পর্যটকদের বিকেল চারটার আগেই পাহাড়ি এলাকা ত্যাগ করা উচিত।”
উদ্ধার হওয়া পর্যটক রবিউল আলম বলেন, “ফায়ার সার্ভিস সময়মতো না এলে বড় ধরনের সমস্যায় পড়তে হতো।”
উদ্ধার হওয়া চার পর্যটক হলেন মো. রবিউল আলম (২২), সাইফুদ্দিন এমদাদ (২৫), মো. মামুন (২০) ও মোস্তফা হাশেম সোহাগ (২৪)। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।