রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. সাইফুর রহমান এসব তথ্য জানান
তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব-৭ কাজ করছে। পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে কিছু ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মো. সাইফুর রহমান বলেন, নির্বাচনের নিরাপত্তা জোরদারে র্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছেন। একই সঙ্গে নির্বাচনের দিন সার্বক্ষণিক টহলে থাকবে র্যাবের পেট্রোল টিম। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, কোনো ভোটার নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হলে র্যাব দ্রুত ব্যবস্থা নেবে। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করা হবে। তিনি জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নির্বাচনের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। সকল বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে র্যাব।
র্যাব-৭ এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে পার্বত্য রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
.