শুভর গোলে ফাইনালে সোনালি অতীত
নিজস্ব প্রতিবেদক
শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একমাত্র গোলে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকার নিউ মার্কেট স্কুল মাঠে (বাজারের মাঠ) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে শুভর দুর্দান্ত গোলে জয়ের হাসি হাসে সোনালী অতীত।
ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে একমাত্র গোলদাতা শুভ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি মাইনুল হক সুমন। প্রাণবন্ত ধারাভাষ্য দেন জেলা ধারাভাষ্যকার ওসমান গনি তনু।
খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহমুদ, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল হালিম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন, প্রজন্ম বাংলা কলোনী দলের ম্যানেজার মো. আলাউদ্দীন ভূঁইয়া, মিজানুর রহমান সোহাগসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীত ফুটবল একাদশের প্রতিপক্ষ হবে নিমকি বাজার ফুটবল একাদশ।