স্বস্তির তেল সরবরাহ: বড়ইছড়িতে দীর্ঘ লাইনে থেকেও হাসিমুখে গ্রাহক
মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
রাঙামাটির বরইছড়িতে অবস্থিত আশা অয়েল লিমিটেডে সোমবার (৩০ মার্চ) সকালে তেল নিতে শত শত মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও ভোগান্তিহীন পরিবেশে সরবরাহ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়াতে শুরু করেন। দীর্ঘ সারি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে গ্রাহকদের অপেক্ষার সময় তুলনামূলক স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া যায়নি।
গ্রাহকরা জানান, পূর্বের তুলনায় এবার তেল গ্রহণে কোনো ভোগান্তি হয়নি। নির্ধারিত নিয়মে এবং স্বচ্ছতার সঙ্গে তেল সরবরাহ করা হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, এমন সুশৃঙ্খল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
আশা অয়েল লিমিটেডের মালিক জানান, উপজেলা প্রশাসন কাপ্তাইয়ের নির্দেশে জনদুর্ভোগ কমাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এদিকে, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল হাশেম উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন, যা শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে সোমবারের এই কার্যক্রমে শৃঙ্খলা ও স্বস্তির চিত্র লক্ষ্য করা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা বজায় রেখে তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।