কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মামুনুর রশীদ
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি উপজেলার শিলছড়িস্থ দুর্গামন্দির ও কাপ্তাই লকগেট কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সবাই আনন্দ ও শান্তিতে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করবেন—এটাই আমার প্রত্যাশা। সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”
দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা ছড়িয়ে দিতে উৎসবের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু।
এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।