রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত: সচেতনতায় র্যালি ও আলোচনা সভা
আহমদ বিলাল খান:
বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ: আমরাই পারব, আমাদেরকেই করতে হবে।” দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা আরও বলেন, মশারি ব্যবহার, দ্রুত রোগ নির্ণয়, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং ম্যালেরিয়া প্রতিরোধী টিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, পার্বত্য জেলা হিসেবে রাঙামাটি ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় এখানকার জনগণকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।
সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা এবং হাসপাতালের নার্স, টেকনোলজিস্টসহ কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে ম্যালেরিয়া নির্মূলে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।