রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:
বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় উৎসবমুখর পরিবেশে।
উদ্যাপন উপলক্ষে সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহিদ, লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মিজ নাজমা আশরাফী এবং রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আলোচনা সভায় বক্তারা বৈসাবি ও বাংলা নববর্ষের ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে বলেন, উৎসব সকলের জন্য—ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই আনন্দ ভাগাভাগি করতে হবে। তিনি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলকে আইন মেনে চলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পার্বত্য অঞ্চল গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে রাঙামাটিতে বৈসাবি ও বাংলা নববর্ষ উদ্যাপন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।