খেলার দোলনাই কেড়ে নিল শিশুর প্রাণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে গামছা দিয়ে তৈরি অস্থায়ী দোলনায় খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পাগলি উপরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্দশী তনচংগ্যা স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘরের ভেতরে গামছা দিয়ে তৈরি অস্থায়ী দোলনায় খেলছিল আর্দশী। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। খেলতে খেলতে অসাবধানতাবশত গামছাটি তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি অচেতন হয়ে পড়ে।
পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের খেলাধুলার সময় পরিবারের সদস্যদের সতর্ক নজরদারি এবং ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।