কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি
নিজস্ব প্রতিবেদক
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি বরইছড়ি সদর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গিয়ে শেষ হয়। সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। তাই মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।