কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি জেলা পরিষদের সদস্য
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে উথোয়াইমং মারমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উথোয়াইমং মারমা কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
জেলা পরিষদের সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর কাপ্তাইয়ের স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উথোয়াইমং মারমা কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন, জনকল্যাণ ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।