কাপ্তাইয়ের উন্নয়নে নতুন ছক, দপ্তরপ্রধানদের সঙ্গে দীপেনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
কাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সরকারি সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানেরা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
দীপেন দেওয়ান বলেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করে কাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা।
এ ছাড়া কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।