কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও কাপ্তাই ইসলামিক সেন্টারের চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ হারুনুর রশীদ। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও কুরআনের তাৎপর্য অনুধাবনের শিক্ষা দেয়। তাই আমাদের সকলের উচিত কুরআন অর্থসহ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হানিফ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী।
অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।