বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। ফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
৩০০ নং এই আসনের ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন তিন লাখের বেশি। চার প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর এস এম সুজাউদ্দীন, শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।
গণভোটেও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঘোষিত ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট ৯০ হাজার ১৫৬টি।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে দিনভর ছিল উৎসবের আবহ। ফল ঘোষণার মধ্য দিয়ে বান্দরবানে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার পথচলা শুরু হলো বলে মনে করছেন স্থানীয়রা।