কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একটি দক্ষ টিম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বন্দর থানার জেটি গেইট এলাকা থেকে জিআর-১৯৪/১৬ মামলার ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শামছুল হক (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নতুনপাড়া (গোদারপাড়া) এলাকার বাসিন্দা।
অভিযানে এএসআই আনোয়ার হোসেন, এএসআই তানভির হোসাইন এবং কনস্টেবল ফৌজুল করিমসহ পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।