🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দেবরাজের বাবা ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল দাশ জানান, তাঁর ছেলে অংকদৌড়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্রসংগীত, সাধারণ জ্ঞান কুইজ, গণিত কুইজ, কাবিং এবং দলীয় বিতর্ক—এই আটটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই প্রথম হয়েছে।
দেবরাজের এ সাফল্যে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে এবং অন্য শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।