কাপ্তাইয়ে খাদ্য নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় এবং অস্বাস্থ্যকর ও অনুপযোগী জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকায় উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বিধি লঙ্ঘনের দায়ে একটি রেস্টুরেন্টকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময়ে একটি মুদি দোকান থেকে সরিষার তেলসহ কয়েকটি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়, যা পরীক্ষার মাধ্যমে মান যাচাই করা হবে। এছাড়া অভিযানে জব্দ করা অনুপযোগী পণ্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই কোনো ব্যবসায়ী যেন মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি কিংবা মজুত না করেন, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের সচেতন হয়ে পণ্য কেনার আগে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মোড়কের তথ্য যাচাই করার পরামর্শ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে খাদ্যের মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।