প্রথম দিনেই কাপ্তাই লেকে ৫৩ টন মাছ, রাজস্ব ১১.৬৫ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩ মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই লেকে মাছ ধরা শুরুর প্রথম দিনেই কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে ৫৩ হাজার ১৯৮ কেজি মাছ অবতরণ হয়েছে। এসব মাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকা রাজস্ব আদায় হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লেকের বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা মাছ নিয়ে কাপ্তাই জেটিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন। এতে দীর্ঘ বিরতির পর জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন জানান, প্রথম দিনে কাচকি, চাপিলা, টেংরা, বাচা, আইড়, কালিগুনিয়া, পাবদা ও বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ এসেছে। লেকের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, মাইনি, শুভলংসহ বিভিন্ন এলাকা থেকে এসব মাছ আসে।
মৎস্য ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের পর বরফ দিয়ে মাছ সংরক্ষণ করে চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, দীর্ঘ বিরতির পর মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে অবতরণ কেন্দ্রের পাশে কচুরিপানা থাকায় বোট ভেড়াতে কিছুটা সমস্যা হচ্ছে।
মৎস্য উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে কাপ্তাই লেকে মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে লেকে পুনরায় মাছ ধরা শুরু হয়।