কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
‘চল চল চল’ গানের সুরে মুখর উপজেলা পরিষদ মিলনায়তন। এরপর ‘মোরা ঝঞ্ঝার মতো’—একটির পর একটি নজরুলসংগীত। গানের সঙ্গে কবিতা আবৃত্তিতে উঠে আসে দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কথা। এভাবেই রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’-এর সাংস্কৃতিক আয়োজন।
সোমবার (৩১ আগস্ট) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। শুরুতেই কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীরা সম্মিলিতভাবে নজরুলের ‘চল চল চল’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো’ গান পরিবেশন করেন।
পরে নজরুলের বিভিন্ন গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরা হয় কবির জীবনদর্শন ও সৃষ্টিকর্মের নানা দিক। আয়োজনজুড়ে ছিল অন্যায়, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী চেতনার কথা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনসহ সরকারি কর্মকর্তারা।
বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।