কাপ্তাই-কাউখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির কাউখালী ও কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (১৭ অক্টোবর) তিনি কাউখালীর ঘাগড়ায় শ্রী শ্রী গীতা মন্দির এবং কাপ্তাইয়ের কেপিএম এলাকার শ্রী শ্রী হরি মন্দির ও বড়ইছড়ির শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সুপার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপারের এ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।