কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে রাঙ্গুনিয়া থেকে ৮৩ লাখ টাকার সিগারেট জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক
ভোরের আঁধার তখনো কাটেনি। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে ছুটছিল একটি ডাম্পার। গোপন তথ্যের ভিত্তিতে সেটি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট। উদ্ধার করা হয়েছে ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেট। আটক করা হয়েছে দুইজনকে।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক এলাকায় এ অভিযান চালায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। পরে ডাম্পারটি জব্দ করা হয়। এ সময় তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামে দুইজনকে আটক করা হয়।
আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অপর আটক সাহেদুর ইসলাম নয়ন একই উপজেলার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে সিগারেটের চালানটি পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
আটক দুই ব্যক্তি, জব্দ করা সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।