কেপিএমে ১১৭ ভোটের সিবিএ নির্বাচন কাল
নিজস্ব প্রতিবেদক
একসময় হাজারো শ্রমিকের জমজমাট নির্বাচনের সাক্ষী কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। সময়ের পরিক্রমায় সেই নির্বাচন এবার নেমে এসেছে মাত্র ১১৭ ভোটে।
কেপিএমের যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৭ অক্টোবর)। নির্বাচনে দুটি সক্রিয় শ্রমিক ইউনিয়নের প্যানেল ছাতা ও চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শ্রম অধিদপ্তরের তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেপিএমে তিনটি শ্রমিক ইউনিয়ন থাকলেও বর্তমানে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ ও কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়নের কার্যক্রম চালু রয়েছে। অপর ইউনিয়নটির কার্যক্রম নিষ্ক্রিয়।
নির্বাচনে মোট ভোটার ১১৭ জন। সর্বাধিক ভোট পাওয়া প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হবে। পরে বিজয়ী প্যানেলের সদস্যদের মধ্য থেকে সিলেকশনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারণ করা হবে।
তবে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতাও। অনিয়মের অভিযোগ তুলে কেপিএম লি. ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন লেবার কোর্টে অভিযোগ করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এ বিষয়ে শুনানি হলেও অভিযোগটি খারিজ করে বুধবার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দেওয়া হয়।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ ও প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নির্বাচন স্থগিত বা বন্ধের বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাননি। তাই ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে আদালত বা সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একসময় এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিচিত কাগজকল হিসেবে কেপিএমের শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কয়েক হাজার ভোটারের জমজমাট উপস্থিতি দেখা যেত। সেই কেপিএমেই এবার মাত্র ১১৭ ভোটারের নির্বাচন—সময় বদলের এক ভিন্ন চিত্র।