রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে।
শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা ও আঙিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। একই সঙ্গে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে তা ধ্বংস করা হয়, যাতে মশা ও জীবাণুর বিস্তার রোধ করা যায়।
রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশ গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খানের সার্বিক তত্ত্বাবধান এবং ওয়ার্ড মাস্টার রাজীব দত্ত চাকমার সরাসরি তদারকিতে পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগী, তাদের স্বজন এবং দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার মাধ্যমে সবাইকে এ কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।