রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়
আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৫৮৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ২৮ হাজার ২৮৩ ভোট। ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ২০ হাজার ৮৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জাসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৮২ ভোট। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী অশোক দেওয়ান পেয়েছেন ২ হাজার ৬৬৯ ভোট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ৯১৮ ভোট এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশার বাদশা পেয়েছেন ৪৩৭ ভোট।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফল ঘোষণার পর দেশের বৃহত্তম এই পার্বত্য জেলায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উৎসবমুখর আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে বেসরকারি ফলাফল সংগ্রহ করা হয়।
এদিকে একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬২৯। বাতিল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৩০। মোট ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৯টি।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন। এই আসনের ২১৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২১টি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১০টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট ও গণনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।