কাপ্তাইয়ে নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন, নারী ও পুরুষের সমান অধিকার থাকা সত্ত্বেও সমাজের অনেক কর্মক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। পুরুষদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং নারীদের প্রতি সহমর্মিতা বাড়ালে এ বৈষম্য অনেকাংশে দূর করা সম্ভব।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।
এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।