বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশগ্রহণ করে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতকরণ, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক উপস্থিত আইনজীবীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, আইনজীবীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সুষ্ঠু বিচার পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভাটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।